আর্জেন্টিনা থেকে ফেরার পর মেসির পেশির অবষাদগ্রস্ততার কথা বলেছিলেন ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো। তাই মায়ামির আগের ম্যাচটি খেলেননি তিনি। বাংলাদেশ সময় গতকাল ভোরে টরন্টো এফসির বিপক্ষে মেসি মাঠে নামলেও খেলেছেন মাত্র ৩৭ মিনিট। মেসি আগে মাঠ ছাড়েন জর্দি আলবাও। অবশ্য এ দুজনকে ছাড়াই মায়ামি ৪-০ গোলে হারিয়েছে টরন্টো এফসিকে।
আটলান্টার বিপক্ষে মেসি ছিলেন না। সেই ম্যাচে হেরেছিল দল। আর্জেন্টাইন অধিনায়কের গতকালের ম্যাচটি খেলা নিয়েও ছিল শঙ্কা। তবে শুরুর একাদশেই নামেন। দৃশ্যমান কোনো ইনজুরি ছাড়া মাঠ থেকে ৩৭ মিনিটের সময় উঠে যান। এ নিয়ে দশমবারের মতো প্রথমার্ধ শেষের আগেই মেসি মাঠ থেকে উঠলেন। অক্টোবর ২০১৮-এর পর এমন ঘটনা প্রথম। ম্যাচের ফল ছাপিয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে মেসির মাঠ থেকে উঠে যাওয়ার বিষয়টি। মেসি কি তবে ইনজুরিতে পড়েছেন। ম্যাচ শেষে কোচ জেরার্দো মার্তিনো বলেন, ‘আমরা ঠিক জানিনা কী হয়েছে। হতে পারে আগের যে সমস্যা তারই ক্ষতচিহ্ন। মেডিকেল পরীক্ষার পর বোঝা যাবে।’ আলবা মাঠ ছাড়েন ৩৪ মিনিটে।
মায়ামির পরবর্তী ম্যাচ এমএলএস-এ ওরল্যান্ডো সিটির বিপক্ষে। সেই ম্যাচে মেসি ও জর্দি আলবার খেলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মার্তিনো। ‘অবশ্যই রবিবারের ম্যাচে (বাংলাদেশ সময় সোমবার ভোর) তাদের দলে থাকার সুযোগ নেই। আমি জানি সামনে আমাদের একটা ফাইনাল আছে। তবে তারা সুস্থ না থাকলে তাদের মাঠে ঢোকারও অনুমতি দেওয়া হবে না অনুশীলনে।’ মায়ামি ইউএস ওপেন কাপের ফাইনাল খেলবে ২৭ সেপ্টেম্বর।
ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে প্রথমার্ধের যোগকরা সময়ে এগিয়ে যায় মায়ামি। গোল করেন ফাকুন্দো ফারিয়াস। ৫৪ মিনিটে গোল করেন মেসির বদলি নামা রবার্ট টেইলর। ৭৩ মিনিটে টেইলরের অ্যাসিস্টে ব্যবধান ৩-০ করেন বেঞ্জামিন ক্রেমাশ্চি। ৮৭ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন টেইলর।
২৮ ম্যাচে মায়ামির পয়েন্ট ৩১। হাতে ৬ ম্যাচ নিয়ে প্লে-অফের দৌড়ে নবম স্থানে থাকা দলের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে তারা।
