মেসির ভাবনায় শুধুই কোপা আমেরিকা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৮ এএম

ইউরোপ ছেড়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে খেলছেন লিওনেল মেসি। আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ^কাপ জেতানো মহাতারকার সাক্ষাৎকার দিয়েছেন ইএসপিএনের মিগু গ্রানাদোসকে। দেশ রূপান্তরের পাঠকদের জন্য সাক্ষাৎকারের চুম্বক অংশ তুলে ধরা হলো।

কোথায় বিশ্বচ্যাম্পিয়নের মেডেল?

মেসি : এটি বার্সেলোনায় সুরক্ষিত আছে। যা কিছু জিতেছি, সেগুলো বার্সেলোনায় আমার জাদুঘরে রাখা আছে। বল থেকে শুরু করে গোল্ডেন বুট, জার্সি সবকিছুই।

২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা?

মেসি : পরবর্তী বিশ্বকাপ খেলব কি না, জানি না। এটি নিয়ে এখনো চিন্তা করছি না। এখনো অনেক সময় বাকি। কোপা আমেরিকা আমার মাথায় আছে। যেটি এখানে যুক্তরাষ্ট্রে হবে আগামী বছর। এরপর দেখব কেমন লাগছে। এটা (২০২৬ বিশ^কাপ) নির্ভর করছে আমি কেমন বোধ করছি তার ওপর। দেখব খেলা চালিয়ে যাওয়া যায় কি না। (বিশ^কাপের) এখনো তিন বছর বাকি। আমার খেলার মান কমে যাচ্ছে কি না, সেদিকে আমি তাকাই না। আমি থামি, আবার খেলি। তবে বাস্তবতা বলে একটা ব্যাপার আছে। আমার বয়স হচ্ছে। আমি হাজারের মতো ম্যাচ খেলে ফেলেছি। সময় তো সবার জন্যই চলে যায়।

আরও সন্তান নেওয়ার বিষয়ে ভাবনা...

মেসি : আমি আরেকটি সন্তান নিতে চাই। আমি ও আন্তোনেলা এখন চেষ্টা করছি না। তবে বলতে পারছি না। দেখা যাক, কোনো কন্যাসন্তান আসে কি না।

নিজেকে ভালো পিতা মনে করেন?

মেসি : আমি যা করি তাতে মনে হয় আমি ভালো পিতা। থিয়াগো আন্তোর সঙ্গে কথা বলায় বেশি সাবলীল। আন্তোনেলা একজন ভালো মা। আমি তার প্রতি মুগ্ধ। সে ২৪ ঘণ্টা সন্তানদের সঙ্গে থাকে। ভ্রমণ, খেলা, প্রাক-মৌসুম, জাতীয় দলের কারণে আমাদের বেশিরভাগ সময় দূরে থাকতে হয়।

পিএসজিতে না থাকার কারণ?

মেসি : আমি যা আশা করেছিলাম, সেটা হয়নি। তবে আমি সব সময়ই বলে থাকি, যেকোনো কিছু কোনো না কোনো কারণেই ঘটে থাকে। আমি যদি সেখানে ভালো না থাকি, সেটার কারণ আমি তখন বিশ্বচ্যাম্পিয়ন। বিশ্বকাপ জয়ের পর (আর্জেন্টিনা দলের) ২৫ জনের মধ্যে আমিই একমাত্র খেলোয়াড়, যে ক্লাবের পক্ষ থেকে স্বীকৃতি পাইনি। বিষয়টা বোধগম্যই। কারণ, আমাদের (আর্জেন্টিনা) কারণেই ওরা (ফ্রান্স) বিশ্বকাপ ধরে

রাখতে পারেনি।

নিউওয়েলসে খেলার সম্ভাবনা...

মেসি : সর্বদাই এটি ভাবনায় থাকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরেও, আর্জেন্টিনার ফুটবল উপভোগ করার। আমি যখন ছোট ছিলাম, নিউওয়েলসের মাঠে যাওয়াটা ছিল আমার স্বপ্ন।

অবসর ভাবনা...

মেসি : আমি এটি (অবসর) নিয়ে এখনো ভাবিনি। এখন ভাবতেও চাইছি না। কারণ আমি এটি (ফুটবল) ভালোবাসি। আমি খেলতে আনন্দ পাই। গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নিয়ে ইউরোপ ছেড়ে মায়ামিতে এসেছি। এখন অভিজ্ঞতাটা ভিন্নভাবে হচ্ছে। পরবর্তী বিষয়টি নিয়ে ভাবতে চাইছি না।

অবসরের পর কী করবেন?

মেসি : আমি সত্যি জানি না। আমি ফুটবলবিষয়ক সবকিছু পছন্দ করি। বাচ্চাদের সঙ্গে থাকতে, তাদের শেখাতে ভালো লাগে। স্পোর্টস ডিরেক্ট বিষয়টিও আমার পছন্দের তালিকায় আছে। তবে জানি না এরপর কোথা থেকে শুরু করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত