এশিয়ান গেমসে নারী ক্রিকেট ইভেন্টে গতকাল মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। কিন্তু হংকংয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। একটি বলও খেলা হয়নি। তবে গেমসের নিয়ম অনুযায়ী না খেলেই নিগার সুলতানা জ্যোতিরা পেয়ে গেছেন সেমিফাইনালের টিকিট। আগামীকাল সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
এশিয়ান গেমসে নিয়ম করা হয়েছে, নকআউটের কোনো ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলে যে দল র্যাংকিংয়ে এগিয়ে, তারাই পরের পর্বে যাবে। আর এ নিয়মেই বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছে গেছে। এর আগে ভারতও একই নিয়মে সেমির টিকিট পায়। মালয়েশিয়ার বিপক্ষে তাদের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল।
রবিবার প্রথম সেমিফাইনালে খেলবে বাংলাদেশ ও ভারত। একই দিন দ্বিতীয় সেমিফাইনালে খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। র্যাংকিংয়ে এগিয়ে থাকায় এই চারটি দলই গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে খেলছে।
