বিয়েতে ইসলামি বিধি ভঙ্গের অভিযোগে ইমরানের বিরুদ্ধে সমন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৭ এএম

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ইসলামি বিধি ভঙ্গ করে বিয়ে করার অভিযোগ উঠেছে। এ সম্পর্কিত একটি মামলায় তার বিরুদ্ধে সমন জারি করেছে ইসলামাবাদের একটি আদালত। সমনে ২৫ সেপ্টেম্বর তার তৃতীয় স্ত্রী বুশরা বিবিকে নিয়ে ইমরানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, বিচারক কুদরতুল্লাহ গত বৃহস্পতিবার ইমরান খানকে আদালতে হাজির হওয়ার এ নির্দেশ দেন। তোশাখানা মামলায় দোষীসাব্যস্ত হয়ে কারাগারে বন্দি আছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। নতুন এ অভিযোগে বলা হয়, ইমরান খান ইদ্দতের সময় তার তৃতীয় স্ত্রীকে বিয়ে করার আগে ইসলামি বিধি ‘ইদ্দত’ ভঙ্গ করেছেন। ইসলামি পরিভাষায় ইদ্দত হলো, বিয়ে বিচ্ছেদের পর অন্য কাউকে বিয়ে করার আগে একজন নারীর জন্য অপেক্ষা করার নির্দিষ্ট সময়কাল।

তাই সাবেক প্রধানমন্ত্রী এবং তার বর্তমান স্ত্রী বুশরার বিয়েকে অনৈসলামিক আখ্যা দিয়ে মামলা করা হয়েছে। অভিযোগে বলা হয়, দ্বিতীয় স্ত্রী রেহাম খানের সঙ্গে বিচ্ছেদের আগে ইদ্দত চলাকালেই ইমরান বুশরাকে বিয়ে করেন। এজন্য তিনি অনুমতিও নেননি। চলতি বছর ১৮ জুলাই মামলাটি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত