প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত আলোচিত রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে অন্য একটি মামলায় তিন বছরের সাজা দেওয়া হয়েছে। চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ ও প্রতারণার এই মামলার বিচারের রায় দিয়েছে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১।
গতকাল রবিবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আল্লাম এ রায় দেন। মামলার অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
রায় ঘোষণার পর আবু সাঈদ চাঁদকে কারাগারে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়ার ঘটনায় করা মামলায় চাঁদ আগে থেকেই রাজশাহী কারাগারে বন্দি রয়েছেন। এ ঘটনায় দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী শামসাদ বেগম মিতালী এই রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০৪ সালে আসামি আবু সাঈদ চাঁদ, আলিম উদ্দিন এবং ওয়াজনবী রাজশাহীর চারঘাট উপজেলায় বামনদীঘি চরঝিকড়া টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করেন। পরে ওই স্কুলের বিভিন্ন পদে নিয়োগের আশ্বাস দিয়ে বাদী ও সাক্ষীদের কাছ থেকে চাঁদা দাবি করেন। ২০০৪ সলের ডিসেম্বর মাসের বিভিন্ন তারিখে তাদের কাছ থেকে আসামিরা মোট ১৪ লাখ ৫২ হাজার টাকা নেন। এরপর বিভিন্ন পদে দায়িত্ব পালন করলেও তাদের অনুকূলে কোনো বেতন ভাতা পরিশোধ করা হয়নি।
