তাকে ঘিড়েই যত আশা বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের। তাকে গুরুত্ব দিতে গিয়ে অ্যাথলেটিকস কর্তাদের কাছে বাকি সবাই গুরুত্বহীন হয়ে পড়েছে। আস্থার প্রতিদান অবশ্য দিয়ে চলছেন ইমরানুর রহমান। যুক্তরাজ্য প্রবাসী এই স্প্রিন্টার নাম লিখিয়েছেন এশিয়ান গেমসের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে। গতকাল শুক্রবার রাতে নিজের হিটে তৃতীয় হয়েছেন। তবে ক্যারিয়ারসেরা টাইমিংয়ের ধারেকাছেও যেতে পারেননি। ১০.৪৪ সেকেন্ডে ফিনিশিং লাইন ছুঁয়ে সম্মিলিত তালিকায় ৪২ জনের মধ্যে ১৭তম হয়েছেন। এ তালিকার সেরা ২৪ জনকে নিয়ে হবে তিনপর্বের সেমিফাইনাল। চলে গেছেন সেমিতে।
কিছুদিন আগেই আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন অনুমোদিত যুক্তরাজ্যের একটি ঘরোয়া আসরে ক্যারিয়ারসেরা ১০.১১ সেকেন্ডে দৌড়েছিলেন। তবে হিটে তার এই টাইমিংয়ে একটু দমে যেতে হচ্ছে। পঞ্চম হিটে দুজন তার আগে ফিনিশিং লাইন পেড়িয়েছেন। ইন্দোনেশিয়ার লালু মুহাম্মাদ ১০.২২ ও কাতারের ওগুনোদে ফেমি ১০.২৪ সেকেন্ডে দৌড়ে সম্মিলিত তালিকায় হয়েছেন যথাক্রমে তৃতীয় ও পঞ্চম। ১০.০৭ সেকেন্ড সময় নিয়ে হিটে সবাইকে ছাড়িয়ে গেছেন স্বাগতিক চীনের জি ঝেনে। আজ হবে এই ইভেন্টের সেমিফাইনাল ও ফাইনাল।
গতকাল শেষ হয়েছে গেমসের অষ্টম দিন। সকালে নতুন ইভেন্টে নিজেকে প্রমাণের লড়াইয়ে নেমেছিলেন তারকা শুটার আব্দুল্লাহ হেল বাকী। প্রিয় ১০ মিটার এয়ার রাইফেল ছেড়ে বাকী এখন ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি-পজিশন খেলেন। চোট কাটিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক মঞ্চে ফেরাটা রাঙাতে পারেননি পরপর দুই কমনওয়েলথ গেমসে রুপাজয়ী বাকী। কোয়ালিফাইং রাউন্ডে বাকী ৫৭০ স্কোর গড়ে হন ৩৬তম। এই ইভেন্টে বাংলাদেশের হয়ে রবিউল ইসলাম ৫৭১ স্কোর করে ৩৪তম ও শোভন চৌধুরী ৫৬৪ স্কোরে ৪২তম হয়েছেন। দলগতভাবে সম্মিলিত ১৭০৫ স্কোরে বাংলাদেশ হয়েছে ১৪তম। গলফ কোর্সে কাট এড়িয়েছেন বাংলাদেশের দুই গলফার সিদ্দিকুর রহমান ও জামাল হোসেন।
ফেন্সিংয়ে নারীদের দলগত সাবরে ইভেন্টে হংকংয়ের কাছে ৪৫-১৭ পয়েন্টে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ।
