বিশ্বজয়ীদের সামনে অন্য রকম বাংলাদেশ

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০১:০৯ এএম

ওয়ানডে বিশ্বকাপ শুরুর শঙ্খধ্বনি বাজতে আর বাকি মাত্র দুদিন। ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় আসর মানেই যেন অংশ নেওয়া দেশগুলোর মধ্যে যুদ্ধ-যুদ্ধ ভাব। সেই যুদ্ধ শুরুর আগে নিজেদের শেষবারের মতো পরখ করে নিতে আজ বিশ্বজয়ী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গৌহাটির বরসাপারা ক্রিকেট স্টেডিয়ামে বেলা আড়াইটায় বিশ্বকাপের আগে শেষ আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। তবে গোড়ালির চোটের কারণে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে হয়তো আজও দেখা যাবে না মাঠে।

বিশ্বকাপ খেলতে আসার আগে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের তেতো স্বাদ পায় বাংলাদেশ। এরপর বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে হয়েছে নানা নাটক। সাকিব-তামিম ইস্যুতে দেশ উত্তপ্ত থাকাবস্থায় ভারতের উদ্দেশ্যে উড়াল দেয় টাইগাররা। এসেই প্রথম অনুশীলনে গোড়ালিতে হালকা চোট পান সাকিব আল হাসান। যদিও সাকিববিহীন বাংলাদেশ একের পর এক দুঃসহ সময় পেছনে ফেলে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় সাত উইকেটে। যে জয়ে আত্মবিশ্বাসের পারদ খানিকটা চড়েছে। ২৬৩ রানে শ্রীলঙ্কাকে বেঁধে ফেলার পর ব্যাট হাতে জ্বলে ওঠে বাংলাদেশের টপ অর্ডার। অনেকদিন ছন্দে না থাকা মূল ব্যাটারদের ব্যাট হেসেছে সেই ম্যাচে। লিটন-তানজিদ-মিরাজের অর্ধশতকে ৮ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ। ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। সেই মহাযুদ্ধ শুরুর আগে নিজেদের ঝালাই করে নিতে আজ বড় পরীক্ষাই দিতে হবে বাংলাদেশকে। প্রতিপক্ষ যে হট ফেভারিট ইংল্যান্ড।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে নামেননি দারুণ ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত। রানের খাতা না খুলেই ফিরেছেন তাওহিদ হৃদয়। আজ তারা চাইবেন ব্যাট হাতে নিজেদের ঝালিয়ে নিতে। তাছাড়া মাহমুদুল্লাহসহ লোয়ার অর্ডারের ব্যাটারদেরও আত্মবিশ্বাস খুঁজে নেওয়ার সেরা সুযোগ এই ম্যাচ। পরাক্রমশালী ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের মনোবল সর্বোচ্চ পর্যায়ে রাখতেই আজ মাঠে নামবে বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত