ফের শীর্ষে রিয়াল

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০১:০৯ এএম

উয়েফা চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে নাপোলির মাঠে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। সি গ্রুপে লস ব্লাঙ্কোসদের শক্ত প্রতিপক্ষ বলতে গেলে এই নাপোলিই। তাদের সঙ্গে ম্যাচের আগে লা লিগায় শীর্ষে ফিরেছে কার্লো আনচেলত্তির দল। যা দলকে ওই ম্যাচে দেবে বাড়তি অনুপ্রেরণা। লিগে শনিবার রাতে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে হারিয়েছে জিরোনাকে।

ঘরের মাঠে জিরোনা প্রথম পাঁচ মিনিটের মধ্যে দুবার গোলের সুযোগ পেয়েছিল। ভিক্টর টাইহানকোভের হেড পোস্টে লাগে। তবে প্রতিপক্ষের মাঠে জ্বলে উঠতে বেশি সময় নেয়নি রিয়াল। ১৭ মিনিটে জুড বেলিংহ্যামের ক্রস থেকে হোসেলুর গোলে এগিয়ে যায় রিয়াল। চার মিনিট পর ব্যবধান বাড়ান টুখেমেনি। টনি ক্রুসের কর্নার থেকে হেডে বল জালে পাঠান।

দ্বিতীয়ার্ধেও গোলের চেষ্টা অব্যাহত রাখে রিয়াল। ৭১ মিনিটে গোল করেন বেলিংহ্যাম। দারুণ ফর্মে আছেন ইংলিশ এই ফুটবলার। লিগে এই মৌসুমে সাত ম্যাচ খেলে এটি তার ষষ্ঠ গোল। রিয়াল কোচ আনচেলত্তি বলেন, ‘দল দারুণ খেলেছে। ডিফেন্সও ভালো করেছে। জিরোনা ভালো ফুটবল খেলে। তাদের পরীক্ষা নিয়েছি যখন আমরা পেরেছি। ডিফেন্সে আমাদের কর্তৃত্ব ছিল। দলগতভাবে খেলাটা গুরুত্বপূর্ণ। তারা (জিরোনা) এমন এক দল যারা আক্রমণ করতে পছন্দ করে। তাই আমাদের মিডফিল্ডাররাও ডিফেন্স লাইনে সাহায্য করেছে।’

ম্যাচের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের স্প্যানিশ ডিফেন্ডার নাচো। ৮ ম্যাচ শেষে ২১ পয়েন্টে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত