নাটোরের বড়াইগ্রামে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঢুকে প্রকাশ্যে কামরুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে পিটিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার চান্দাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ইউনিয়ন পরিষদে (ইউপি) টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম চলছিল। এ সময় ৫ নম্বর ওয়ার্ড সদস্য কামরুল ইসলাম সেখানে বসে ছিলেন। হঠাৎ করে ইউনিয়ন আওয়ামী লীগের (একাংশ) সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ সরকারের নেতৃত্বে চার থেকে পাঁচ ব্যক্তি পরিষদে ঢুকে কামরুলকে গালাগাল দেন ও এলোপাতাড়ি কিলঘুসি মেরে তাকে মেঝেতে ফেলে দেন। এরপর তারা জোর করে তাকে পরিষদ কার্যালয় থেকে বের করে দেন ।
জানতে চাইলে ওয়াদুদ সরকার বলেন, ‘ওই ইউপি সদস্য পক্ষপাতিত্ব করে এক বাড়িতে সাতটি টিসিবির কার্ড দিয়েছেন। এ কারণে ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দিয়েছে। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’ তবে কামরুল ইসলাম বলেন, তারা যে পরিবারের কথা বলেছে, ওই পরিবারে আমি কোনো কার্ডই দিইনি। মূলত আমি সদ্য প্রয়াত সাংসদের অনুসারী হওয়ায় তারা আমাকে অন্যায়ভাবে মেরে পরিষদ থেকে বের করে দিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
