এবার বিশ্বকাপে কারা কোন দলের হয়ে আলো ছড়াবেন এ নিয়ে এক বিশ্লেষণে প্রখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে বাংলাদেশের বেলায় বেছে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজকে। সাকিব আল হাসান ও লিটন কুমার দাস ছাড়াও বাংলাদেশের এই দুই ক্রিকেটার আলো ছড়াবেন বলে মনে করেন হার্শা। হার্শা বলেন, ‘সাকিবের বাইরে কারা আছে? আমি লিটন দাসের বড় ভক্ত, মুশফিকুর রহিম আছে অনেক দিন ধরে। কিন্তু আমি বেছে নেব অন্য দুজনকে। মুগ্ধ করার মতো ধারাবাহিক এখন শান্ত। ওপেন করুক বা তিনে খেলুক, সে খেলাটাকে টেনে নিতে পারছে। সে মুশফিক ও সাকিবের কাছ থেকে চাপটা নিতে পারছে।’ হার্শার বিশেষ প্রশংসা পেয়েছেন মিরাজ। ‘আমি আরেকজন অলরাউন্ডারের কথা বলব। মেহেদী হাসান মিরাজ। আমি তাকে প্রথমে টেস্ট ম্যাচে দেখেছি। তাকে আমরা এখন দারুণ সব ইনিংস খেলতে দেখি। আমার মনে হয় মিরাজের মধ্যে পরের সাকিব আল হাসান হওয়ার সামর্থ্য আছে।’ বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচেই ভালো ব্যাট করেছেন মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন অপরাজিত ৬৭ রানের ইনিংস। আর গতকাল ইংল্যান্ডের বিপক্ষে খেলেন ৭৪ রানের ইনিংস।
×
