জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে শামীম নামে এক শারীরিক প্রতিবন্ধী খুন হয়েছেন। গাজীপুর নগরীর বাসন দিঘিরচালা এলাকায় ৩০০ টাকার ভাগাভাগি নিয়ে আরিফ হোসেন নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত সোম ও গতকাল মঙ্গলবার ঘটনা দুটি ঘটে।
বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশালনগর দক্ষিণপাড়া এলাকার নায়েব আলী ও তার ভাই সাইফুল ইসলামের মধ্যে ১৫ শতাংশ জমি নিয়ে বিরোধ রয়েছে। গত সোমবার বিকেলে ওই জমিতে নায়েব আলীর ছেলে শামীম (২৮) চারা রোপণ করলে এ নিয়ে সন্ধ্যায় দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। গতকাল মঙ্গলবার সকালে দুপক্ষের মধ্যে আবার ঝগড়া বাধে। এ সময় সাইফুল ইসলাম, তার ছেলে মনোয়ার হোসেন, উজ্জ্বল মিয়া, আনোয়ার হোসেন, শারীরিক প্রতিবন্ধী শামীম মিয়া ও তার মা শাহীনা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। শামীমের স্ত্রীর বড় ভাই জাহাঙ্গীর আলম থামাতে গেলে তাকেও কুপিয়ে জখম করে। শামীমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। শাহীনা ও জাহাঙ্গীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গাজীপুর নগরীর বাসন দিঘিরচালা এলাকায় নিহত আরিফ হোসেন (১৯) কাপাসিয়া উপজেলার জামাদি গ্রামের আবদুল মান্নানের ছেলে।
সোমবার রাতে আরিফের সঙ্গে এলাকার এক যুবকের ৩০০ টাকার ভাগাভাগি নিয়ে বাগবিত-া হয়। একপর্যায়ে ওই যুবক চাপাতি দিয়ে কুপিয়ে আরিফকে জখম করে পালিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।
