চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (সার্জারী) ডা. মঈন উদ্দিন মাহমুদ নিজ প্রাইভেটকারের এসি বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৪ অক্টোবর) সকালে নিজের প্রাইভেটকারে চট্টগ্রাম শহর থেকে বাঁশখালী আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন সকাল ৯টার দিকে তিনি বাঁশখালীর কালীপুরের পালেগ্রাম পর্যন্ত এলে হঠাৎ প্রাইভেটকারের এসি বিস্ফোরণে গাড়িতে আগুন ধরে যায়। এসময় ডা: মঈন উদ্দিন মাহমুদ নিজেই প্রাইভেটকার চালিয়ে বাঁশখালী হাসপাতালে যাচ্ছিলেন। গাড়ির পিছনে আগুনের সূত্রপাত হওয়াতে গাড়ি থেকে বের হওয়ার আগেই ডা. মঈন উদ্দিন মাহমুদের শরীরের বিভিন্ন অংশসহ কণ্ঠনালী পুড়ে যায় বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
আহত ডা: মঈন উদ্দিন মাহমুদকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য এয়ারঅ্যাম্বুলেন্সে ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা যায়।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. শফিউর রহমান মজুমদার বলেন, গাড়িতে আগুন লাগার পর ডা. মঈন উদ্দিন মাহমুদের শরীরের প্রায় ৩০ শতাংশ ইনহেলেটেড বার্ন (শ্বাসনালী) পুড়ে গেছে অনেক অংশ। যা খুবই বিপদজনক, আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি।
তিনি আরও জানান, বিগত বছর দেড়েক আগে কনসালটেন্ট(সার্জারী) ডা: মঈন উদ্দিন মাহমুদ বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।
