স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় স্বামী গ্রেপ্তার

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১১:৫২ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে স্ত্রীর নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্ত্রীর করা পর্নোগ্রাফি মামলায় স্বামী মোজাহিদ হাসানকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে পৌর শহরের নদীবাংলা সেন্টার পয়েন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার মোজাহিদ হাসান শহরের কালিপুর মধ্যপাড়া এলাকার শেখ ইসহাক মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছর ৮ মে পৌর শহরের জগন্নাথপুর উত্তরপাড়া এলাকার ভুক্তভোগী ওই নারীর সঙ্গে পারিবারিকভাবে দ্বিতীয় বিবাহবন্ধনে আবদ্ধ হন মোজাহিদ। বিয়ের কিছুদিন না যেতেই ব্যবসার নাম করে তিনি টাকার জন্য স্ত্রীকে চাপ দেন। মেয়ের সুখের কথা ভেবে মোজাহিদকে ১০ লাখ টাকা দেয় শ^শুরবাড়ি থেকে। কিছুদিন পর আবারও টাকার জন্য চাপ দেয় মোজাহিদ। এতে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। টাকা না দিলে নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেন মোজাহিদ। দীর্ঘদিন কলহের জেরে একপর্যায়ে স্বামী-স্ত্রী দুজনই আলাদা যার যার বাড়িতে থাকতে শুরু করেন। হঠাৎ একদিন মোজাহিদের স্ত্রী তার নগ্ন ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়ার বিষয়টি লোকমুখে শুনতে পান। পরে গত ২৮ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন মোজাহিদের স্ত্রী।

অভিযুক্ত মোজাহিদের বড় ভাই রাকিব হাসান রকি দাবি করেন, ‘আমার ভাই পর্নো ভিডিও ছাড়ার ছেলে নয়। ওই নারীর সঙ্গে অনেক ছেলের সম্পর্ক রয়েছে। আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।’

ভৈরব থানার ওসি মাকছুদুল আলম বলেন, ‘মোজাহিদ হাসানকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত