নির্বাচনী ইশতেহারে উপকূল উন্নয়নের অঙ্গীকার দাবি

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৫:৪৭ এএম

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে উপকূলীয় মানুষের উন্নয়নে সুনির্দিষ্ট অঙ্গীকার সংযুক্ত করার দাবি জানিয়েছেন খুলনা নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে দেশের উপকূলের জনজীবনে সংকট প্রতিনিয়ত বাড়ছে। এরপর প্রতি বছরের প্রাকৃতিক দুর্যোগ এই সংকট আরও বাড়িয়ে দিয়েছে। এ অবস্থায় উপকূলের মানুষের জীবন জীবিকা রক্ষায় বিশেষ প্রতিশ্রুতি প্রয়োজন।

গতকাল বৃহস্পতিবার খুলনায় এক মতবিনিময় সভা থেকে এই দাবি ওঠে।

নগরীর সিএসএস আভা সেন্টার এ বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’, ‘কোস্টাল ভয়েজ অফ বাংলাদেশ’ এবং নাগরিক সংগঠন ‘সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, এই সভার আয়োজন করে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ‘উপকূলের মানুষের ইশতেহার’ শীর্ষক এই মতবিনিময় সভা হয়।

খুলনা কালের কণ্ঠের ব্যুরো প্রধান গৌরাঙ্গনন্দী সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন। ‘লিডার্স’ এর নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মণ্ডল উপকূলীয় মানুষের দুঃখ দুর্দশার একটি চিত্র মাল্টিমিডিয়ার মাধ্যমে সবার সামনে তুলে ধরেন।

সভায় উপকূলীয় মানুষের উন্নয়নে নিখিল চন্দ্র ভদ্র আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের ইশতেহারে উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন, নিরাপদ পানীয় জলের স্থায়ী ব্যবস্থা, একটি বাড়ি একটি শেল্টার তৈরি প্রকল্প গ্রহণ, দুর্যোগ প্রবণ এলাকা ঘোষণা করা, উপকূলের রক্ষাকবচ সুন্দরবন সুরক্ষা ও টেকসই বেড়িবাঁধ পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণের বিষয়টি সংযুক্ত করার দাবি জানান।

সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল আলম নান্নু, জাতীয় পার্টি খুলনা শাখার সহসভাপতি তৈমুর হোসেন শাহীন, ওয়ার্কার্স পার্টি খুলনা শাখার সাধারণ পরিষদের সদস্য সম্পাদক দেলোয়ার উদ্দিন, বাসদের খুলনা শাখার আহ্বায়ক জনার্দন দত্ত ও সিপিবির সাধারণ সম্পাদক এস এ রশীদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত