তথ্যমন্ত্রী বললেন

তারা বুঝতে পেরেছে কোলে করে কেউ ক্ষমতায় বসাবে না

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৬:৩৭ এএম

নির্বাচনকালীন সরকার ছোট করার সাংবিধানিক বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, নির্বাচনকালীন মন্ত্রিসভা ছোট হবে কিনা, সেটির এখতিয়ার প্রধানমন্ত্রীর। বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি মহাসচিবের বক্তব্যে প্রমাণ হয়, এতদিন পরে তাদের উপলব্ধি হয়েছে যে, কোলে করে কেউ ক্ষমতায় বসাবে না। যারাই নির্বাচনে বাধা দেবে তাদের সবার ক্ষেত্রে ভিসানীতি প্রযোজ্য হবে, সেটিও মির্জা ফখরুল সাহেব বা বিএনপি বুঝতে পেরে কর্মীদের বলেছেন, আন্দোলন করতে হবে। তাদের এই উপলব্ধি ভালো।’

গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে ১৯৭১ সালের ৫ আগস্ট তৎকালীন পাকিস্তান সরকার প্রকাশিত শ্বেতপত্র ‘হোয়াইট পেপার অন ক্রাইসিস অভ ইস্ট পাকিস্তান’ পুনর্মুদ্রণের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। শ্বেতপত্রের পুনর্মুদ্রণ সংস্থা চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স ম গোলাম কিবরিয়া, পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আলী সরকার, তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার নাসরিন জাহান লিপি মোড়ক উন্মোচনে অংশ নেন। 

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেবদের আগের উৎফুল্ল ভাব এখন আস্তে আস্তে ফ্যাকাসে হয়ে যাচ্ছে। কারণ তারা বুঝতে পারছেন যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে এবং কেউ তাদের কোলে করে ক্ষমতায় বসাবে না। অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপিরও অনেকেই অংশগ্রহণ করবেন, তৃণমূল বিএনপিতে তো ইতিমধ্যেই কয়েকজন বিএনপি নেতা যোগদান করেছেন।’

হাছান মাহমুদ বলেন, ‘সুতরাং তাদের অনুরোধ জানাব নির্বাচনকে বাধাগ্রস্ত করার পথ পরিহার করে নির্বাচনে আসার জন্য, বাস্তবতা বিবর্জিত না হয়ে বাস্তবতা মেনে নিয়ে নির্বাচনের পথে হাঁটার জন্যই তাদের প্রতি অনুরোধ জানাব।’

এ সময় তিনি বলেন, ‘নির্বাচনে কোন দল অংশগ্রহণ করল সেটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণ অংশগ্রহণ করল কি না। সিটি করপোরেশন নির্বাচনগুলোতে বিএনপি অংশ নেয়নি কিন্তু ৫০ শতাংশের বেশি মানুষ সেখানে ভোট দিয়েছে এবং নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে। আগামী নির্বাচনে যদি বিএনপি আসে তাদের আমরা স্বাগত জানাই, আমরা চাই তারা অংশগ্রহণ করুক। কিন্তু না এলেও জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে। নির্বাচন অবশ্যই গ্রহণযোগ্য হবে।’

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের ঢাকা সফর প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘এটি তো ভালো। কারণ বিদেশিদের আগ্রহ আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বহুমাত্রিক সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। জঙ্গি এবং সন্ত্রাসবাদ দমনে, আমাদের উন্নয়নে, সব জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সহযোগিতার সম্পর্ক আছে। তাদের যে প্রতিনিধিদল এসেছে, আমি মনে করি সেটি ভালো।’

এর আগে পুনর্মুদ্রিত শ্বেতপত্রটির মোড়ক উন্মোচনকালে তথ্যমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তান সরকার আমাদের মুক্তিযুদ্ধকে ‘ইস্ট পাকিস্তান ক্রাইসিস’ শিরোনামে যে শ্বেতপত্র প্রকাশ করেছিল সেটি পড়লেই বোঝা যাবে যে, আসলে মুক্তিযুদ্ধে কে নেতৃত্ব দিয়েছে, মুক্তিযুদ্ধ কাকে ঘিরে হয়েছে। এই শ্বেতপত্রের কোনো জায়গায় জিয়াউর রহমানের নাম নেই। অথচ এ দেশে খলনায়কদের নায়ক বানানোর চেষ্টা করা হয়েছে।’ মন্ত্রী বলেন, ‘এই শ্বেতপত্রে পাকিস্তান সরকার আগাগোড়াই বঙ্গবন্ধুকে অভিযুক্ত করেছে এবং আরও কিছু কিছু নেতার নাম এসেছে, যারা আওয়ামী লীগ নেতা এবং জাতীয় নেতা হিসেবে সমাদৃত। ঠিক ইতিহাস জানার ক্ষেত্রে এটি অত্যন্ত সহায়ক একটি প্রকাশনা এবং এটি পুনর্মুদ্রণের জন্য চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরকে ধন্যবাদ জানাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত