আমি ইহুদি না মুসলিম! হিন্দু না খ্রিস্টান! নারী না পুরুষ!
শুধু মুসলিম বলেই, বিতাড়িত করা যায়!
অথবা ইহুদি বলেই বোমা মারা যায়!
সবাই ভাবে আমার কোন বোধ নেই;আছে কিছু হাত পা;
আমাকে বোমা মেরে উড়ানো যায়,মিসাইল দিয়ে পোড়ানো যায়;
এতোবড় জগতে আমার কোন ঠাঁই নেই,
এতো বড় আকাশে আমার কোন ছাদ নেই,
কতখানি জায়গা জুড়ে থাকি আমি! আমার অস্তিত্ব কি এতো ভারি?
শুধু আমি ইহুদি, শুধু আমি মুসলিম, শুধু আমি হিন্দু
ও দেশের মুসলিমের জন্য আমার বুক ফাটে,
নিজ দেশে হিন্দুদের মালাউন বলে সুখ লাগে।
সকল ধর্মের ক্ষেপণাস্ত্র আছে, কারো কারো আয়রন ডোম,
আরো আছে কিতাব আর ফতোয়া, আছে নবি বা দেবতা,
শুধু আমার কোন নির্ভয় মূহুর্ত নেই,
শুধু আমার কোন দেশ নেই; উন্নত বা অনুন্নত
নেই কোন সরকার, গনতন্ত্র বা সমাজতন্ত্র
নেই কোন সুখস্মৃতি, জননী বা প্রিয়তম
আমার ধর্ম আছে, বর্ণ আছে, আইন আছে, সনদ আছে,
শুধু নেই কোনো আত্মপরিচয়,
আমি আর যাই হই; মানুষ নই একেবারে।
