বাঁশখালী যুবলীগে এখন কোনো নেতা নেই

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১২:৫১ এএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা যুবলীগের দুই সদস্যের কমিটির সভাপতি তাজুল ইসলাম গত ২৫ সেপ্টেম্বর মারা গেলে পদটি শূন্য হয়। অন্যদিকে, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাকছুদ মাসুদ দীর্ঘদিন ধরে দেশের বাইরে। ফলে নেতৃত্বশূন্য হয়ে পড়া বাঁশখালী যুবলীগকে সুসংগঠিত করা হচ্ছে বলে দলীয় ও স্থানীয় নেতাকর্মী সূত্রে জানা গেছে। আর নতুন কমিটির গুঞ্জনে পদপ্রত্যাশীরা শুরু করেছেন দৌড়ঝাঁপ।

জানা যায়, বাঁশখালী উপজেলা যুবলীগের ২০১৬ সালের ১৩ এপ্রিল তাজুল ইসলামকে সভাপতি এবং মোহাম্মদ মাকছুদ মাসুদকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি গঠন করা হলেও সে কমিটি আর পূর্ণাঙ্গ করা হয়নি। তবে অনেক নেতাকর্মীকে যুবলীগ নেতা হিসেবে সঙ্গে নিয়ে দলীয় কর্মকা-গুলো এত দিন পরিচালনা করে আসছিলেন উপজেলা যুবলীগ সভাপতি তাজুল ইসলাম। তিনি গত ২৫ সেপ্টেম্বর মারা গেলে আর সাধারণ সম্পাদক মোহাম্মদ মাকছুদ মাসুদ ব্যবসা নিয়ে দীর্ঘদিন দেশের বাইরে (ডুবাই) থাকায় এখন উপজেলা যুবলীগ একেবারেই নেতৃত্ববিহীন।

সম্প্রতি উপজেলা যুবলীগের কমিটি গঠন করা হবেÑ এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে পদ পেতে তোড়জোড় শুরু করেছেন নেতাকর্মীরা। আগামী জাতীয় নির্বাচনের আগে দলের অঙ্গসংগঠনগুলো সক্রিয় করার অংশ হিসেবে বাঁশখালী উপজেলা যুবলীগের কমিটি গঠন হচ্ছে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে উঠেছে। অনেকে রাজনীতিতে নিষ্ক্রিয় থাকলেও এখন পদ পেতে এবং অনেকে অন্য পদে থাকলেও নতুন করে এ পদ সংযোজন করতে নানাভাবে নিজেদের সরব করে তুলছে। অনেকে সভাপতি-সম্পাদক পদ পেতে মরিয়া। চলছে জোরদার লবিং।

পদপ্রত্যাশীদের মধ্যে নাম শোনা যাচ্ছে বাঁশখালী পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র এসএম তোফাইল বিন হোছাইন, বর্তমান পৌর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ হামিদ উল্লাহ, খানখানাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরুদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা জাহেদ আকবর জেবু, আবু রাশেদ মুনির, মাহমুদুল ইসলাম, ফরিদ আহমদ, আনসুর আলী, রশিদ আহমদসহ অনেকের।

এ ব্যাপারে বাঁশখালী পৌর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ হামিদ উল্লাহ বলেন, আমি যেহেতু দীর্ঘদিন ধরে পৌরসভা যুবলীগের আহ্বায়ক ছিলাম, তাই উপজেলা সভাপতি হতে সিভি জমা দিয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত