সোনারগাঁ

ভেজাল শিশুখাদ্য উৎপাদনের দায়ে জরিমানা

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১২:৫৩ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এলসন গ্রুপে অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় কিছু ভেজাল খাবার ধ্বংস করা হয়। গতকাল সোমবার দুপুরে উপজেলার কাঁচপুরের বিসিক শিল্পনগরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার। নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম মোবাইল কোর্টকে সহযোগিতা করে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা জানান, দীর্ঘদিন যাবৎ নুরুল ইসলামের মালিকানাধীন কোম্পানিতে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য লিচু, কেক, জুস, চকলেট, ক্যানডি চকলেট উৎপাদন হয়ে আসছিল। সেখানে উৎপাদিত পণ্য মেয়াদোত্তীর্ণও পাওয়া যায়। এসব কারণে তাদের তিন লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদ- প্রদান করা হবে। তা ছাড়া আগামী ১ মাসের মধ্যে এ কোম্পানির উৎপাদন পরিবেশ ঠিক করা না হলে আগামীতে তাদের বড় ধরনের শাস্তি প্রদান করা হবে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ইশরাত সিদ্দিকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত