আইনজীবীদের বিতন্ডা এজলাস ছাড়লেন বিচারক

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০২:০০ এএম

নোবেল বিজয়ী ও গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাক্ষীকে জেরার সময় দুপক্ষের আইনজীবীদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। মামলার বাদী কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী মো. খুরশীদ আলম খান ও ড. ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুনের মধ্যে তর্কের জেরে বিচারক এজলাস থেকে কিছু সময়ের জন্য নেমে যান। ড. ইউনূসের আইনজীবী মামলার বাদীর (তরিকুল ইসলাম) মামলা করার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে তর্কে জড়িয়ে পড়েন দুপক্ষের আইনজীবী। দুপুর আড়াইটার কিছু পরে ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) বেগম মেরিনা সুলতানা এজলাস ত্যাগ করেন।

প্রায় এক ঘণ্টা পর বিচারকাজ আবার শুরু হয়। গতকাল প্রথম সাক্ষী মামলার বাদী কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক তরিকুল ইসলামের জেরা শেষে আগামী বুধবার পরবর্তী সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করে ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) বেগম শেখ মেরিনা সুলতানা আদেশ দেন। গত ২২ আগস্ট এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত