শেষ মুহূর্তে ব্যস্ত প্রতিমাশিল্পীরা

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১১:১৭ পিএম

ঘনিয়ে আসছে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মণ্ডপগুলোতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা। সম্প্রতি বেশ কয়েক দিনের ভারী বর্ষণে প্রতিমা তৈরিতে কিছুটা বিঘœ ঘটায় এখন দম ফেলার জো পাচ্ছেন না কারিগররা। দিনাজপুরের কারিগররা প্রতিমা তৈরিতে দিন-রাত কাজ করছেন। জেলায় এবার গত বছরের তুলনায় মণ্ডপ বেড়েছে ১৬টি। তাই কারিগরদের চাপও বেড়েছে।

দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, জেলায় এবার ১ হাজার ২৮৪টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৬৫টি, বীরগঞ্জ উপজেলায় ১৫৩টি, কাহারোলে ১০৯টি, খানসামায় ১৩৫টি, চিরিরবন্দরে ১৫৬টি, পার্বতীপুরে ১৪৮টি, ফুলবাড়ীতে ৬৫টি, বিরামপুরে ৪২টি, নবাবগঞ্জে ৭০টি, হাকিমপুরে ২১টি, ঘোড়াঘাটে ৪০টি, বোচাগঞ্জে ৮৩টি এবং বিরল উপজেলায় ৯৭টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে।

হিন্দু ধর্মীয় পঞ্জিকা অনুযায়ী, এবার মহালয়া অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। ২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই শারদীয় উৎসব।

এদিকে সাম্প্রতিক ভারী বর্ষণের কারণে এবার প্রতিমা তৈরির কাজে কিছুটা বিঘœ ঘটে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মৃৎশিল্পীরা শুরু করেন প্রতিমা বানানোর কাজ। সময় ঘনিয়ে আসায় এখন মণ্ডপগুলোতে দিনরাত প্রতিমা বানানোর কাজ করছেন শিল্পীরা। মণ্ডপের সংখ্যার তুলনায় শিল্পীর সংখ্যা কম হওয়ায় একই শিল্পী একাধিক মণ্ডপের চুক্তি নিয়েছেন। ফলে এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে ছুটে বেড়াতে হচ্ছে তাদের।

পূজার আয়োজকরা জানান, প্রতিবছর নতুন নতুন আঙ্গিকে তারা মণ্ডপ সাজানোর চেষ্টা করে থাকেন। প্রতিযোগিতামূলকভাবে মণ্ডপে সাজসজ্জার পাশাপাশি প্রতিমাতেও নতুনত্ব আনার চেষ্টা করেন তারা। আর এ জন্য প্রতিবছর তাদের পূজার বাজেটও বাড়াতে হয়।

দিনাজপুর শহরের রায় সাহেব বাড়ি মণ্ডপ কমিটির বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন বলেন, ‘দুর্গামণ্ডপ আকর্ষণীয় করতে প্রতি বছর নতুন নতুন ডিজাইনে সাজানো হয়। এবার বৃষ্টির কারণে প্রতিমা তৈরিতে কিছুটা ব্যাঘাত হয়। কিন্তু সরকারের সার্বিক সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হবে বলে আশা করছি।’

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকশি বাচ্চু বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা দিনাজপুর। দেশের দ্বিতীয় সর্বোচ্চ দুর্গাপূজা অনুষ্ঠিত হয় দিনাজপুরে। এই জেলায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইতিমধ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের মধ্যে একাধিকবার আলোচনা সভা হয়েছে। নিরাপত্তা বেষ্টনীতে দায়িত্ব পালনে পুলিশ প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। এবার উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হবে বলে আশা করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত