চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১১:১৭ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে শাহ আলম স্বপন (৪৫) নামে এক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তার লাশ সুপারিবাগানে ফেলে তারা অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। নিহত স্বপন সদর উপজেলার আবিরনগর এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে। গতকাল শুক্রবার সকালে উপজেলার কলাকোপা এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ওই এলাকার একটি সুপারিবাগানে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের রক্তাক্ত লাশ উদ্ধার করে। পরে তার প্যান্টের পকেটে থাকা আইডি কার্ড থেকে পরিচয় শনাক্ত করা হয়।

নিহতের স্বজনরা বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার আবিরনগর এলাকা থেকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন স্বপন। এরপর আর ঘরে ফেরেননি তিনি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেওয়া হয়েছে।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, দুর্বৃত্তরা চালককে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে অটোরিকশাটি ছিনিয়ে নেয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত