নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের দুপাশে ফুটপাত চাঁদাবাজিকে কেন্দ্র করে যুবলীগ-ছাত্রলীগের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার বিকেলে উপজেলার ভুলতায় এ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ভুলতার এলাকার মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতারা আতঙ্কিত হয়ে পড়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের দুপাশে নূরম্যানশন, গাউছিয়া মার্কেট, তাঁতবাজার, আব্দুল সুপার মার্কেট, সিটি সুপার মার্কেট ও রিজোয়ান টাওয়ারসহ প্রায় ২০ মার্কেট রয়েছে। এ সময় মার্কেটগুলোর সামনে অবৈধভাবে ফুটপাতে হকার বসিয়ে প্রতি মাসে প্রায় অর্ধকোটি চাঁদা আদায় হয়। চাঁদা আদায় নিয়ন্ত্রণ করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল আলম শিকদার ও তার ভাই ফরহাদ শিকদার, ভুলতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও তার ভাই দোলন, গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিদ্যুৎ হাসান, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, যুবলীগ নেতা সৌরভ, সিয়াম, কাউসারসহ দলীয় নেতাকর্মীরা। বেশকিছুদিন ধরে ছাত্রলীগকর্মী ইমু ও কয়েকজন যুবলীগ নেতা মিলে ফুটপাতের চাঁদাবাজির নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে আসছিল।
রবিবার বিকেলে ছাত্রলীগকর্মী ইমুর লোকজন ও ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল সিকদারের লোকজন রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে। এসময় একপক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় আটজন পথচারী আহত হয়েছে বলে জানা গেছে। এ সময় ক্রেতাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকেই ভয়ে দোকানপাট বন্ধ করে দেয়।
ভুলতা ফাড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
