চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী রুস্তমহাটের বিভিন্ন স্থানে ফুটপাত ও সড়কের ওপর বসা হকারদের বারবার উচ্ছেদ করেও ঠেকানো যাচ্ছে না। গত শনিবার বিকেলে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এই হকারদের উচ্ছেদ ও জরিমানা করে। কিন্তু উচ্ছেদের কয়েক ঘণ্টা পর সন্ধ্যা থেকেই হকাররা আবার ফুটপাত দখলে নেন।
গত শনিবার সন্ধ্যায় রুস্তমহাটের পানবাজার এলাকায় দেখা গেছে, হকাররা ফুটপাত ছাড়িয়ে সড়কের ওপর বসে পড়েছেন। তাদের দোকান ঘিরে ক্রেতাদের ভিড়ের কারণে পথচারী চলাচল করতে পারছেন না। যানজটে থমকে গেছে ব্যস্ত বাজার। এ ছাড়া হকারদের দোকানে মার্কেট ঘিরে ফেলায় সেখানে ক্রেতাসাধারণ ঢুকতে পারছেন না।
অবৈধভাবে বসা হকাররা জানান, বাজারের ইজারাদার শাহাবুদ্দিনের লোকজন প্রতিদিন টাকা নিয়ে এসব দোকান বসান। তবে বাজারের ইজারাদার শাহাবুদ্দিন হকার বসানোর বিষয়টি অস্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন বলেন, ‘রুস্তমহাট বাজার যানজটমুক্ত রাখতে অবৈধ দোকান উচ্ছেদে একাধিকবার অভিযান ও জরিমানা করা হয়। কিন্তু অভিযানের পর তারা আবারও ফুটপাত দখলে নেন। ফুটপাত বা সড়ক দখল করে কাউকে বসতে দেওয়া হবে না। প্রয়োজনে আবারও অভিযান চালানো হবে।’
