গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর চলমান অত্যধিক বলপ্রয়োগ ও সাধারণ জনগণের হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় মানবিক সহায়তার অনুমতি দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
গতকাল রবিবার ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরা হয়। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বাতায় এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, বাংলাদেশ গাজায় নারী, শিশুসহ ক্রমবর্ধমান বেসামরিক নাগরিক হতাহতের পাশাপাশি অসামঞ্জস্যপূর্ণ বলপ্রয়োগের তীব্র নিন্দা করেছে ঢাকা। বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় মানবিক সহায়তার অনুমতি দেওয়ার আহ্বান জানায়। পাশাপাশি মানবিক বিপর্যয় এড়িয়ে এই অঞ্চলে একটি ন্যায্যা, স্থায়ী সমাধান ও শান্তির জন্য জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে (ইউএনএসসি) রেজল্যুশনের ভিত্তিতে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বি-রাষ্ট্রীয় নীতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
