কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এলাকা থেকে গতকাল মঙ্গলবার ভোরে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। তার নাম রমজান ওরফে পেট কাটা রমজান। পুলিশ বলছে, তার বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।
কামরাঙ্গীরচর থানার সহকারী পরিদর্শক (এসআই) রাধারমণ ভৌমিক বলেন, মঙ্গলবার ভোররাতের দিকে মুসলিমবাগ লবণ ফ্যাক্টরি এলাকায় ডিউটি
থাকাকালীন খবর পান যে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। দ্রুত ঘটনাস্থলে গেলে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার বাসা লালবাগে কিন্তু এখানকার একটি মেসে থাকতেন। তার বুকে গুলির চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গুলি করে হত্যা করা হয়ে থাকতে পারে।
কামরাঙ্গীরচর থানার ওসি মোহাম্মদ মোস্তফা আনোয়ার বলেন, রমজান মাদকসহ একাধিক মামলার আসামি ছিলেন। তবে কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে সেটি জানা যায়নি।
