বগুড়ায় সন্তানকে আটকে রেখে তাসলিমা আকতার (২২) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকায় নিজ বাসা থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত তাসলিমা ওই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় কাজিম আলী নামে নিহতের তিন বছরের ছেলে গুরুতর আহত হয়েছে। পরিবারের ধারণা, নিজেদের পরিচিত কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
নিহতের স্বামী সিরাজুল ইসলাম বলেন, আমি ১ নম্বর রেল ঘুমটির পাশের মার্কেটে ব্যবসা করি। রাত সাড়ে ৮টার দিকে বাসায় এসে মোটরসাইকেলের হর্ন বাজাই। কিন্তু বাড়ি থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে গেটের লক খুলে ভেতরে ঢুকে দেখি আমার স্ত্রী তাসলিমার রক্তাক্ত দেহ পড়ে আছে। পরে রুমে আটকে রাখা আমার তিন বছরের ছেলে কাজিমকে বের করলে দৌড়ে কান্না করতে করতে আসে। তখন পুরো বাসায় কোনো আলো ছিল না।
নিহতের ননদ মল্লিকা আকতার বলেন, ‘আমার ভাবির সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তার মোবাইল বাসায় নেই। আমাদের সন্দেহ হচ্ছে পরিচিত কেউ তাকে হত্যা করেছে।’
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, ‘নিহত গৃহবধূর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। তিন বছরের সন্তানকেও মাথায় আঘাত করা হয়েছে। সে বর্তমানে চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে।’
