গুজব ছড়িয়ে কেউ পার পাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৬:২৯ এএম

শারদীয় দুর্গাপূজায় সাইবার জগতে গুজব ছড়িয়ে কেউ পার পাবে না বলে হুঁশিয়ারি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী সবদিকে খেয়াল রাখছে।’ গতকাল শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় শুভেচ্ছা বিনিময় করতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন একটি নতুন উপাদান কয়েক বছর ধরে হয়েছে। ডিজিটাল বাংলাদেশ হওয়ায় সঙ্গে সঙ্গে সাইবার জগতে এসে গুজবটা ছড়িয়ে দেয়। সেখানেও আমাদের পুলিশের সাইবার ইউনিট খোলা হয়েছে। সাইবার ইউনিট সক্রিয় রয়েছে। এই ধরনের গুজব যারাই ঘটাচ্ছেন সঙ্গে সঙ্গে না হলেও দ্রুত সময়ের মধ্যে আমরা শনাক্ত করে ফেলছি। কাজেই সেটা করেও তারা পার পাবে না।’

তিনি বলেন, ‘গুটিকয়েক মানুষ যারা সব সময় বাংলাদেশ সৃষ্টিতেও বিরোধিতা করেছে এবং যা কিছু ভালো কাজ তার বিরুদ্ধে তারা আছে। বঙ্গবন্ধুকেও কিন্তু শাহাদাতবরণ করতে হয়েছিল। কাজেই আমি বলতে চাই এ সমস্ত দুষ্কৃতকারী সংখ্যায় খুবই কম তারপরও এরা ঘটনা ঘটিয়ে থাকে। সে জন্যই আমাদের নিরাপত্তা বাহিনী সব সময় সজাগ থাকে।’

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ঢাকা মহানগর সর্বজনীন পূজা উদযাপন পরিষদসহ পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত