মাদকের থাবা থেকে সন্তানদের রক্ষা করতে নীলফামারীর সৈয়দপুর গোলাহাট এলাকায় সন্তানদের নিয়ে মানববন্ধন করেছেন মায়েরা। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে গোলাহাট কবরন্থান গেটের সামনে এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে মায়েদের পাশাপাশি সন্তানদের হাতেও ছিল মাদকবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড।
মানববন্ধনে বক্তব্য দেন সালমা খাতুন, মোছা. বকুল, পারভীন, মোছা. রীতা, সিতারা খাতুন, শাহজাদীসহ অন্য মায়েরা।
বক্তব্যে মায়েরা অভিযোগ করেন, সৈয়দপুর পৌরসভার গোলাহাট এলাকা মাদকের যেন নিরাপদ আস্তানা হয়ে গেছে। দিন দিন এই মাদক ব্যবসায়ীদের অপতৎপরতায় স্কুল, কলেজের শিক্ষার্থীরাসহ পথহারা হচ্ছে অসংখ্য শিশু কিশোর। কবরস্থান গেট এলাকা, ২ নম্বর ক্যা¤প এলাকা, ফিরোজ হোটেলের পাশের এলাকাসহ গোলাহাটের এই মাদক বিক্রেতাদের নির্মূল করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে পড়বে। গোলাহাটের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
এলাকাবাসী জানায়, সৈয়দপুরের গোলাহাটে মাত্রাতিরিক্তভাবে মাদক কারবারিদের তৎপরতা বেড়ে গেছে। তাই ভুক্তভোগী মায়েরা তাদের সন্তানদের নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
