কিশোর গ্যাংয়ের মারধরের শিকার যুবকের মৃত্যু

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৩:১০ এএম

রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকায় কিশোর গ্যাং সদস্যদের হামলায় ওমর ফারুক নামে (৩৫) এক তরুণের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবু হানিফ রনি নামে একজনকে আটক করেছে পুলিশ। নিহত ফারুক ওই এলাকায় তার বাবার গাড়ির চাকার ব্যবসায় সহযোগিতা করতেন।

গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। পরে গতকাল রবিবার নিহতের মা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। শাহ আলী থানার ওসি আমিনুল ইসলাম বলেন, অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। মারধরের কারণ পরে জানা যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই শাহআলী থানা পুলিশ আবু হানিফ রনিকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু নাম পাওয়া গেছে।

জানা গেছে, রনি স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড কমিটির নেতা। মারধরের পর বাসায় যাওয়ার সময় অভিযুক্তরা দল বেঁধে আবার তার বাসায় ঢিল ছুড়লে ফারুক বেশ আতঙ্কিত হয়ে পড়েন।

পুলিশের মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ জানান, পূর্ব শত্রুতার জের ধরে শনিবার রাতে কিশোর গ্যাং লিডার মিমের নেতৃত্বে পাঁচ-ছয়জন ব্যবসায়ী ওমর ফারুকের ওপর হামলা করে। রাস্তায় তাকে মারধর করা হয়। এ ঘটনার পর তিনি তার কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা করতে যান। তাদের বিষয়টি জানান। এরই মধ্যে বন্ধুদের খারাপ লাগার কথা বলার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন।

এসি মফিজুর আরও জানান, বন্ধুরা তাকে মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তেমন কোনো সমস্যা না ধরা পড়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল থেকে বের হওয়ার কিছুক্ষণ পর ফের অসুস্থ হয়ে পড়েন। আবারও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত