নরসিংদীতে এলাকায় আধিপত্য ও পূর্বশত্রুতার জেরে তাঁতী লীগ নেতা রানা আকবর মোল্লাকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন তার সহযোগী তুষার (৩২)। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কাউরিয়াপাড়া পৌর ঈদগাহের পাশে এই ঘটনা ঘটে।
গতকাল মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের পর পরিবারের কাছে রানার মরদেহ হস্তান্তর করা হয়। পরে পৌর ঈদগাহে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।
নিহত রানা কাউরিয়াপাড়া এলাকার আলী আকবর মোল্লার ছেলে এবং শহর তাঁতী লীগের নেতা ছিলেন। আহত তুষার একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলামের ছেলে।
নিহতের স্বজনরা জানান, রাত ৮টার দিকে নরসিংদী পৌর ঈদগাহের সামনে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা দুজনকে এলোপাতাড়ি কোপায়। এ সময় রানা মাটিতে লুটিয়ে পড়েন। তুষারও গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। তুষারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, রাত সাড়ে ৯টার দিকে মৃত অবস্থায় রানা আকবর মোল্লা ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় তুষারকে হাসপাতালে আনা হয়।
