যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লিউইস্টন শহরে বন্দুক হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। কোনো কোনো সংবাদমাধ্যমে অবশ্য নিহতের সংখ্যা ২২ বলছে। স্থানীয় সময় গত বুধবার ওই বন্দুকধারী একাধিক জায়গায় হামলা চালায় বলে জানিয়েছে সেখানকার পুলিশ। এতে ৫০ জনের বেশি গুলিবিদ্ধ হয়েছে। গতকাল বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত সন্দেহভাজন বন্দুকধারীকের গ্রেপ্তার করতে পারেনি। লিউইস্টনের জারি করা হয়েছে লকডাউন। তার সময়ও দফায় দফায় বাড়ানো হয়েছে। লিউইস্টনের কাছের শহর লিসবনের বাসিন্দাদেরও পাশাপাশি নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
পুলিশ বলছে, সন্দেহভাজন বন্দুকধারীর নাম রবার্ট কার্ড এবং তার বয়স ৪০ বছরের মতো। তাকে অস্ত্রধারী এবং বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিএনএন বলছে, সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তারে রাজ্যের বিভিন্ন জায়গায় শতশত পুলিশ সদস্য নিয়োজিত করা হয়েছে। হোয়াইট হাউজ জানিয়েছে যে, প্রেসিডেন্ট জো বাইডেনকে পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে এবং তাকে আপডেট করা হবে।
এদিকে লিউইস্টনের সিটি কাউন্সিলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন এক রাজনীতিবিদ বিলি জেইন কুক বিবিসি নিউজ চ্যানেলকে বলেছেন, বন্দুক হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার পূর্ব নির্ধারিত একটি অনুষ্ঠান ছেড়ে চলে গিয়েছেন। তিনি বলেন, বাড়ি ফেরা পর্যন্ত পুরো পথে আমি শুধু সাইরেনের শব্দ শুনেছি। একের পর এক সাইরেন। হেলিকপ্টারের শব্দ, সাইরেনের শব্দ, আমি এই শহরে এত কঠিন পরিস্থিতি আগে কখনো দেখিনি। আমাদের এখানে রাজ্যের সব পুলিশ ছুটে এসেছে, রাজ্যের বাইরে থেকেও পুলিশ আসছে। তিনি বলেন, পুরো শহর লকডাউনে রয়েছে। পরিস্থিতি ভয়াবহ। আপনি হয়তো ভাবেননি যে, এ ধরনের ঘটনা কখনো ঘটতে পারে। কিন্তু এবার এমনটাই হয়েছে।
মেইন রাজ্যের পুলিশ এক্স বা সাবেক টুইটারে এক বিবৃতিতে জানিয়েছে, লিউইস্টনে একজন বন্দুকধারী বিচরণ করছে। আমরা স্থানীয়দের নিজ নিজ জায়গায় আশ্রয় নিতে বলছি। অনুগ্রহ করে দরজা বন্ধ করে আপনার বাড়ির ভেতরে থাকুন।
পুলিশের ভাষ্য, তারা দুটি জায়গা থেকে ওই বন্দুকধারীর বিষয়ে তথ্য পেয়েছেন। একটি হলো স্কিমেনজিস নামে একটি রেস্তোরাঁ এবং স্পেয়ারটাইম রিক্রিয়েশন নামে একটি বোলিং খেলার স্থান থেকে। এই দুই জায়গার মধ্যে দূরত্ব প্রায় সাড়ে ছয় কিলোমিটার বা চার মাইলের মতো, গাড়ি চালিয়ে যেতে ১০ মিনিটের মতো সময় লাগে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, মেইন অঙ্গরাজ্যের জননিরাপত্তা বিভাগের কমিশনার মাইকেল সাউশাক বলেছেন, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে গোলাগুলি শুরু হয় এবং একাধিক মানুষ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় হাসপাতাল দ্য সেন্ট্রাল মেইন মেডিকেল সেন্টার বলেছে যে, এলোপাতাড়ি বন্দুক হামলার কারণেই এত মানুষ হতাহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য এলাকার অন্যান্য হাসপাতালের সঙ্গে সমন্বয় করা হয়েছে বলে তারা জানায়।
অ্যান্ড্রোসকগিন কাউন্টি শেরিফের অফিস সন্দেহভাজন ব্যক্তির দুটি ছবি প্রকাশ করেছে। তারা বলেছে, সে একজন বিপজ্জনক পলাতক ব্যক্তি এবং তাকে শনাক্ত করার জন্য তারা জনসাধারণের সাহায্য চেয়েছে।
শেরিফ অফিসের প্রকাশ করা ছবিতে বাদামি সোয়েটার পরা একজন দাড়িওয়ালা ব্যক্তিকে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে একটি ভবনের দিকে হেঁটে যেতে দেখা যাচ্ছে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস রাজ্য পুলিশের বুলেটিনের বরাত দিয়ে বলছে, সন্দেহভাজন হামলাকারী একজন আগ্নেয়াস্ত্র প্রশিক্ষক। যিনি মেইন অঙ্গরাজ্যের সাকো শহরের একটি সেন্টারে মার্কিন সেনাবাহিনীর থেকে প্রশিক্ষণ নিয়েছেন। বুলেটিনে আরও বলা হয়েছে যে, তিনি ২০২৩ সালের গ্রীষ্মে একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রে কিছুদিন ছিলেন এবং ওই ঘাঁটিতে গুলি করার হুমকি দিয়েছিলেন।
লিউইস্টন পাবলিক স্কুলের সুপার জেক ল্যাংলাইস এক বিবৃতিতে বলেছেন যে, বৃহস্পতিবার এলাকার সব স্কুল বন্ধ থাকবে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) বিভাগের একটি বিবৃতিতে বলা হয়েছে, সেক্রেটারি আলেজান্দ্রো মায়োরকাসকে এ ঘটনার বিস্তারিত জানানো হয়েছে এবং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাচ্ছে।
ডিএইচএস জানায়, লিউইস্টনের বাসিন্দাদের নিরাপত্তার কথা ভেবে তারা, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয়, রাজ্য এবং স্থানীয় অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
