চট্টগ্রামের আনোয়ারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে মানুষ দলে দলে সভাস্থলে আসতে শুরু করেছে। পুরুষের পাশাপাশি নারীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের পর আনোয়ারার কেইপিজেড মাঠে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে আসা নারী নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে আসছেন। পরনে শাড়ি, মাথায় টুপি পরে মিছিলে অংশ নিয়েছেন তারা। এ সময় তাদের বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও নিজ এলাকার আওয়ামী লীগ নেতার নামে স্লোগান দিতে দেখা যায়। নারী কর্মীদের মধ্যে একধরনের উচ্ছ্বাস দেখা গেছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চট্টগ্রামজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আনোয়ারার প্রতিটি মোড়ে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ করা গেছে।
জনসভায় যোগ দিতে আনোয়ারার রায়পুর থেকে এসেছেন ইসরাত জাহান নামের আওয়ামী লীগের এক সমর্থক। তিনি বলেন, ‘দেশ আজ আওয়ামী লীগের নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় দেশের মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। দেশ থেকে খাদ্যের অভাব দূর হয়েছে। তিনি নারীর ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আবার দেশের প্রধানমন্ত্রী হলে নারীরা সব ক্ষেত্রে পুরুষদের সমান মর্যাদা পাবেন। বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই।’
