সড়কের পাশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৪:০০ পিএম

সড়কের পাশ থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাকিবুল হাসান ওরফে সিফাত (২২) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশ। বুধবার ভোর ৪টার দিকে সালুটিকর তদন্ত কেন্দ্রের নিকটবর্তী এলাকার সড়ক থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী। 

নিহত রাকিবুল হাসান ওরফে সিফাত বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি সিলেটের মদীনা মার্কেটসংলগ্ন কালিবাড়ি এলাকার একটি মেসে থাকতেন। তিনি বগুড়া সদরের সেউজগাড়ী রেল কলোনি এলাকার ফজলুল হক আকন্দের ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

পুলিশের বরাত দিয়ে প্রক্টর কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘ধারণা করা হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসলে বিষয়টি জানা যাবে। এ ছাড়া পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করে দেখবে। শিক্ষার্থীর অভিভাবককে খবর দেওয়া হয়েছে, তারা আসছেন। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’ 

গোয়াইনঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খালিক বলেন, ‘ভোর ৪টার দিকে আমরা তার লাশ সড়কের পাশ থেকে উদ্ধার করি। তার মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, তিনি মোটরসাইকেলযোগে কোথাও যাচ্ছিলেন; এর মধ্যে দুর্ঘটনার কবলে পড়েন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত