আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার 

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৫:২১ পিএম

রাজধানীর মহাখালী এলাকা থেকে গত মঙ্গলবার রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ ‍এক সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। 

গ্রেপ্তার রাকিব হোসেনের (২১) বাড়ি পটুয়াখালী সদরে। সে ঢাকায় প্রাইভেট সিকিউরিটি কোম্পানির নিরাপত্তা প্রহরী হিসেবে মহাখালীর একটি বহুতল ভবনে কাজ করত।

এটিইউর পুলিশ সুপার (অপারেশনস্) মোহাম্মদ ছানোয়ার হোসেন বুধবার জানান, গোপন তথ্য ভিত্তিতে বনানী থানাধীন মহাখালী এলাকা অভিযান করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই সময় তার কাছ থেকে দাওয়াতি কার্যক্রমে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন, দুইটি সিম কার্ড ও বিভিন্ন ডকুমেন্ট জব্দ করা হয়। সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। 

তিনি আরও বলেন, রাকিব জসীম উদ্দিন রাহমানির ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সমর্থক ও সক্রিয় সদস্য হয়। সে সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের পক্ষে বিভিন্ন প্রচার-প্রচারণাসহ বর্তমান গণতান্ত্রিক সরকারকে উৎখাতের মাধ্যমে দেশে তথাকথিত খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে দীর্ঘদিন যাবত বিভিন্ন কার্যক্রম পরিচালনা, নতুন সদস্য সংগ্রহ ও জনসমর্থন আদায়ের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কাজে জড়িত ছিল। এছাড়া সে গোপনে দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য পাঁচটি এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপসহ বিভিন্ন অ্যাপস ব্যবহার করে তার অন্যান্য সহযোগীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত