বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ অবরোধের দ্বিতীয় দিন সোমবার চট্টগ্রামে একটি বাস ও একটি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয়েছে একটি কাভার্ড ভ্যান। আজ সকালে নগরের পাঁচলাইশ থানার আতুরার ডিপো এবং জেলার আনোয়ারা থানায় এসব ঘটনা ঘটে। এর আগে গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ১০টায় নগরের অক্সিজেন এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, নগরের আতুরার ডিপো এলাকায় একটি সিএনজি অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অটোরিকশার পাশাপাশি একটি কাভার্ড ভ্যান ভাঙচুর করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ওমর ফারুক, আলমগীর ও রুবেল নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন ওসি সন্তোষ।
এদিকে, আজ ভোর ৫টার দিকে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারের উত্তর পাশে পিএবি সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটির আগুন নেভায়। আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, বাসটি যাত্রীশূন্য হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন গতকাল রবিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতাল পালিত হয়।
