১০ বছরের বেশি সময় আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি হবে ১২ নভেম্বর রবিবার। গতকাল সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ তারিখ ধার্য করে।
গতকাল জামায়াতের রাজনৈতিক কর্মকা- ও সভা-সমাবেশ নিষিদ্ধের নির্দেশনা ও তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে করা আবেদনের ওপর শুনানির দিন ধার্য ছিল। এই আবেদনের ওপর শুনানি করতে বিষয়টি আদালতের নজরে আনেন জ্যেষ্ঠ আইনজীবী তানিয়া আমীর ও আহসানুল করিম। জামায়াতের পক্ষে ছিলেন আইনজীবী মো. জিয়াউর রহমান। পরে আপিল বিভাগ শুনানির জন্য ১২ নভেম্বর দিন ধার্য করে। ব্যারিস্টার তানিয়া আমীর দেশ রূপান্তরকে বলেন, ‘জামায়াতের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনটির ওপর শুনানি শুরু করতে চেয়েছিলাম। আদালত তখন বললেন, এ মামলাটি শুনতে হলে তো মূল মামলাটিতে (জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার রায়) যেতে হবে। আদালত ১২ নভেম্বর শুনানির জন্য দিন ধার্য করেছেন।’
২০০৮ সালের ৪ নভেম্বর রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। পরে নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করে বাংলাদেশ তরিকত ফেডারেশন, জাকের পার্টির শীর্ষ নেতারাসহ কয়েকজন। প্রাথমিক শুনানি নিয়ে ২০০৯ সালের ২৭ জানুয়ারি জামায়াতের নিবন্ধনের বৈধতা প্রশ্নে রুল দেয়।
