বেতন বাড়ানোর দাবিতে আজও গাজীপুর, সাভারের চান্দনা চৌরাস্তা, রওশন সড়কসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এ সময় উত্তেজিত শ্রমিকরা সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ ও বিজিবির একাধিক টিম তাদের ছত্রভঙ্গ করে দেয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় মজুরি বাড়ানোর দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছেন। এর পর নতুন মজুরি কাঠামো ঘোষণা করে সরকার। এতে সন্তুষ্ট না হয়ে বৃহস্পতিবার সকাল থেকে চান্দনা চৌরাস্তায় লিবাস নিটওয়্যার, হাসান তানভীর ফ্যাশনসহ কয়েকটি কারখানার শ্রমিকরা আবারও বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা জয়দেবপুর সড়ক অবরোধ করে। পরে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এদিকে পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশেপাশের জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে।
