আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ‘টাইমড আউট’ হয়ে সব শিরোনামে জায়গা করে নিয়েছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস। নিউজিল্যান্ডের সঙ্গে তাকে মাঠে পেয়ে এই নিয়ে মজা করার সুযোগ হাতছাড়া করেননি কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। অন্তত ম্যাচের ধারাভাষ্যকারদের এমনটাই মতামত।
লঙ্কান ইনিংসে ব্যাটিং করতে ম্যাথিউস যখন ক্রিজে আসেন তখন কেন উইলিয়ামসন ও ট্রেন্ট বোল্টকে দেখা যায় তার দিকে এগিয়ে গিয়ে মজার ছলে কথা বলতে। ওই সময় ধারাভাষ্যকাররা বলে ওঠেন উইলিয়ামসন ম্যাথিউসকে জিজ্ঞেস করছেন ‘তার হেলমেটের স্ট্র্যাপ ঠিক আছে কি না!’
সামাজিক যোগাযোগমাধ্যমেও ওই সময়ের ভিডিও ক্লিপ ও ছবি নিয়ে নানা রকম পোস্ট ছড়িয়েছে। আসরের শেষ ম্যাচে কিউইদের বিপক্ষে আগে ব্যাট করে ১৭১ রানে অলআউট হয়ে গেছেন লঙ্কানরা। সেমির বাকি থাকা একটি আসন নিজেদের করতে এই ম্যাচে বড় ব্যবধানে জয় চাইবে নিউজিল্যান্ড।
