সহকর্মীকে চড়থাপ্পড়

সহকারী অ্যাটর্নি জেনারেল পদ খোয়ালেন তামান্না

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৬:০০ এএম

সহকর্মীকে চড়থাপ্পড় ও মারামারির জের ধরে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ খোয়ালেন তামান্না ফেরদৌস। নিয়োগ বাতিল করে তাকে অব্যাহতি দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে। এতে তামান্না ফেরদৌসের নিয়োগসংক্রান্ত তারিখ ও স্মারকের নম্বর উল্লেখ করে বলা হয়, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তামান্না ফেরদৌসের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে অত্র মন্ত্রণালয়ের প্রদত্ত নিয়োগ আদেশ বাতিলক্রমে তাকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ হতে অব্যাহতি প্রদান করা হলো।’

বিজ্ঞপ্তিতে তামান্না ফেরদৌসের নিয়োগ বাতিল ও অব্যাহতির কারণ নিয়ে কিছু উল্লেখ না থাকলেও সহকর্মীর সঙ্গে অশোভন আচরণের ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র দেশ রূপান্তরকে নিশ্চিত করেছে। মাসখানেক আগে সুপ্রিম কোর্টে সহকারী অ্যাটর্নি জেনারেল মজিবুর রহমানের মজিবের সঙ্গে বাগ্বিত-ার একপর্যায়ে তাকে চড়থাপ্পড় মারেন তামান্না। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় মজিবুর রহমান অ্যাটর্নি জেনারেল কার্যালয়, আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্ট বারে অভিযোগ দেন।

গত ৯ অক্টোবর সরকাপন্থি আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের এক সভা শেষে সুপ্রিম কোর্ট বার ভবনের দোতলায় সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে তামান্না ফেরদৌস ও মজিবুর রহমানের মধ্যে কথাকাটাকাটি ও চড়থাপ্পড়ের এ ঘটনা ঘটে। আইনজীবী মজিবুর রহমান অভিযোগ করেন, ওইদিন দুপুর ২টার দিকে বারের সম্পাদকের কক্ষের সামনে অবস্থানকালে আগের শত্রুতার জেরে কথাবার্তা চলাকালে হঠাৎ করে সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌস তাকে গালাগাল করেন। এর প্রতিবাদ করলে তামান্না তার গালে চড়থাপ্পড় মারেন এবং তাকে হত্যার হুমকি দেন।

২০১৯ সালের ৭ জুলাই সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান আইনজীবী তামান্না ফেরদৌস।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত