নভেম্বরেও এক দিনে ডেঙ্গুতে মৃত্যু ১৭

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৮:৫৯ এএম

দেশে নভেম্বর মাসেও ডেঙ্গুতে মৃত্যু কমছে না। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৭ জন। আর চলতি মাসের এই নয় দিনে মারা গেছে ১০১ জন। আর রোগী ১৬ হাজার ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরেই মারা গেছে ১৩ জন। আর ঢাকায় চারজন। গত নয় দিনে গড় মৃত্যু ১১ জনের বেশি। এ সময় রোগী ভর্তি হয়েছে ১৬ হাজার ৬৪ জন। অর্থাৎ দৈনিক গড় রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৭৮৫ জন। 

গত ২৪ ঘণ্টায় গত ১৭ দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। এর আগে সমসংখ্যক মৃত্যু হয়েছিল গত ২৩ অক্টোবর। এ নিয়ে দেশে মোট মৃত্যু দাঁড়াল ১ হাজার ৪৪৯ জনে।

ঢাকার বাইরে এ পর্যন্ত মারা গেছে ৫৯৫ জন। ঢাকায় মৃত্যুর সংখ্যা ৮৫৪ জন। ঢাকার বাইরে মৃত্যুহার শূন্য দশমিক ৩ শতাংশ ও ঢাকায় শূন্য দশমিক ৮ শতাংশ। মোট মৃত্যুহার শূন্য দশমিক ৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৭৩৪ জন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি হয়েছে ১ হাজার ৪৬৩ জন, যা দিনের ভর্তি রোগীর ৮৪ শতাংশ। বাকি ২৭১ জন বা ১৬ শতাংশ ঢাকায় ভর্তি হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮৭ হাজার ২৩৯ জনে। তাদের মধ্যে ১ লাখ ৮৪ হাজার ৬৪৮ জন ঢাকার বাইরের ও ঢাকার ১ লাখ ২ হাজার ৫৯১ জন।

বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৬ হাজার ৩৬০ জন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছে ৪ হাজার ৭১১ জন ও ঢাকায় ১ হাজার ৬৪৯ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত