এক নারীর দুই জরায়ু দুটিতেই বাড়ছে ভ্রূণ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৮:৪৬ এএম

এক নারীর দুটি জরায়ু আর দুটিতেই সন্তান ধারণ করেছেন তিনি। জন্মগতভাবেই একটি নয় একই সঙ্গে দুটি জরায়ু নিয়ে জন্ম নেন কেলসি হ্যাচার। এখন তার বয়স ৩২, বর্তমানে তার দুটি জরায়ুতে বেড়ে উঠছে মানবভ্রূণ। শুনতে অদ্ভুত শোনালেও, সত্যিই এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে। চিকিৎসকদের ভাষ্য, প্রতি পাঁচ কোটি নারীর মধ্যে একজনের ক্ষেত্রে এমনটা দেখা যেতে পারে।

গতকাল বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আলবামার বাসিন্দা কেলসি অবশ্য এবারই প্রথম মা হচ্ছেন না। এর আগেও তিন সন্তানের জন্ম দিয়েছেন তিনি। তবে ওই সন্তানদের গর্ভে ধারণের ক্ষেত্রে এমন কিছু হয়নি। এবারই প্রথম দুটি জরায়ুতে একই সঙ্গে দুটি সন্তান ধারণ করেছেন তিনি।

গর্ভধারণের আট সপ্তাহের মাথায় আলট্রাসনোগ্রাফ করেন কেলসি। সেই রিপোর্টেই এমন বিরল তথ্য উঠে আসে। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার দুটি জরায়ুতেই সন্তান বেড়ে ওঠার কথা জানান।

তবে এবার সন্তান জন্মদান করাটা কেলসির জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। তার চিকিৎসক ভারতীয় বংশোদ্ভূত শ্বেতা প্যাটেল জানিয়েছেন, এ রকম ঘটনা খুবই বিরল। একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ হয়তো তার সারা জীবন অপেক্ষা করেও এমন গর্ভবতীর সন্ধান পাবেন, তার নিশ্চয়তা নেই।

এদিকে কেলসির সন্তান প্রসব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আলাবামা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক রিচার্ড ডেভিস। তার দাবি, বিশ্বের শূন্য দশমিক ৩ শতাংশ নারীর মধ্যে দুটি জরায়ু রয়েছে। তবে তাদের ক্ষেত্রে পৃথকভাবে দুটি সন্তানের জন্ম দেওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ অনেক ক্ষেত্রে একটি জরায়ু নিষ্ক্রিয় থাকে।

অধ্যাপক রিচার্ড ডেভিস আরও বলেন, এ ধরনের ঘটনায় অন্তঃসত্ত্বা নারীর সফলভাবে বাচ্চা প্রসবের চ্যালেঞ্জ অনেক বেশি। কারণ একই সঙ্গে দুটি শিশুর জন্ম হবে, যে চাপ সহ্য করতে না পেরে প্রসূতির মৃত্যু পর্যন্ত হতে পারে। আবার কিছু ক্ষেত্রে গর্ভে থাকা সন্তানেরও মারাত্মক ক্ষতি হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত