গাজায় ঝুঁকিতে আল শিফা হাসপাতালের ৬৫০ রোগী

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৮:২৪ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহত্তম আল শিফা হাসপাতালে জীবন ঝুঁকিতে রয়েছে ৬৫০ জন রোগী। হাসপাতালের মহাপরিচালক মুহম্মদ জাকাউত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন। রবিবার (১২ নভেম্বর) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হাসপাতালের মহাপরিচালক বলেন, আল শিফা হাসপাতালে ৬৫০ জন রোগী জীবন ঝুঁকিতে রয়েছে। এদের মধ্যে ৩৬ জন শিশু।

প্রতিবেশী দেশ মিশরকে রোগীদের জীবন বাঁচানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, হাসপাতাল কমপ্লেক্সে প্রায় দেড় হাজার বাস্তুচ্যুত মানুষ রয়েছে। যদিও পানি সংকট, বিদ্যুৎ বিভ্রাট, জমে থাকা আবর্জনা এবং চিকিৎসা বর্জ্য তাদের জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে।

এর আগে আল শিফা হাসপাতালের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একইসঙ্গে ইসরায়েলি আগ্রাসনের মধ্যে হাসপাতালটিতে আটকে পড়া মানুষের নিরাপত্তা নিয়েও গুরুতর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।

ডব্লিউএইচও বলেছে, তারা ‘স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার পাশাপাশি সেখানকার শত শত অসুস্থ ও আহত রোগী, লাইফ সাপোর্টে থাকা শিশু এবং বাস্তুচ্যুত ব্যক্তিদের যারা হাসপাতালের অভ্যন্তরে রয়েছেন’ তাদের সুরক্ষার বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। একইসঙ্গে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বানও পুনর্ব্যক্ত করে সংস্থাটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত