দুই উপনির্বাচন

অনিয়মের কেন্দ্রের ভোট বাতিল করে গেজেট হবে

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০২:২২ এএম

লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠা কেন্দ্রগুলোর ভোট বাতিল করে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। সেই সঙ্গে লক্ষ্মীপুরে অনিয়মে সম্পৃক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা এবং ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরের তিন কেন্দ্রের ভোটগ্রহণ কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন, ১৯৯১ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সোমবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান।

ইসি সচিব জানান, ওই দুটি আসনের উপনির্বাচনের কমিশন তদন্ত করে অনিয়মের প্রমাণ পেয়েছে। তদন্ত কর্মকর্তারা লক্ষ্মীপুর-৩ আসনের একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার প্রমাণ পেয়েছে। সেখানে দুজনকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ ছাড়া ওই কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। কেন্দ্রটির ফলাফল নির্বাচন কমিশন বাতিল ঘোষণা করেছে। এখন রিটার্নিং কর্মকর্তা ওই কেন্দ্রের ভোট বাতিল করে সংশোধিত ফলাফল ঘোষণা করলে, পরে কমিশন গেজেট প্রকাশ করবে।

তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে দুটি ভোটকেন্দ্রে অনিয়ম পেয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। যাত্রাপুর নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও শরিপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নিয়েছে ইসি। ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারের বিরুদ্ধে ১৯৯১ নির্বাচনী কর্মকর্তা বিশেষ বিধান আইনে ব্যবস্থা নেওয়া হবে। দুই কেন্দ্রের ফল বাতিল করে সংশোধিত ফলাফল পেয়ে গেজেট প্রজ্ঞাপন করবে ইসি।

তফসিলের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, কমিশন বলেছে নভেম্বরের প্রথমার্ধে। এখন যেহেতু সময় আছে আপনারা অপেক্ষা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত