ঢাকায় ডেঙ্গুতে মৃত্যু ৯০০ ছুঁইছুঁই করছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও আটজন মারা গেছে। তাদের মধ্যে ঢাকায় মারা গেছে পাঁচজন ও ঢাকার বাইরে তিনজন। এ নিয়ে গতকাল পর্যন্ত ঢাকায় চলতি বছর মৃত্যু দাঁড়িয়েছে ৮৯০ জনে। এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১ হাজার ৫২৮ জন।
চলতি বছর ডেঙ্গু রোগী ঢাকার বাইরে বেশি হলেও মৃত্যু ঢাকায় বেশি। এখন পর্যন্ত রোগীর মধ্যে ১ লাখ ৪ হাজার ৮৭৮ জন বা ৩৫ শতাংশ রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। মারা গেছে মোট মৃত্যুর ৫৮ শতাংশ। অন্যদিকে, ঢাকার বাইরে ভর্তি হয়েছে ১ লাখ ৯৩ হাজার ২১৬ জন বা ৬৫ শতাংশ। মারা গেছে ৬৩৮ জন, যা মোট ৪২ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৪২৯ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ৩০২ ও ঢাকার বাইরে ১ হাজার ১২৭ জন। এ নিয়ে চলতি দেশে রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯৮ হাজার ৯৪ জন। এর মধ্যে ৬০ শতাংশ পুরুষ ও ৪০ শতাংশ নারী। অর্থাৎ পুরুষ আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৭১১ ও নারী ১ লাখ ১৯ হাজার ৩৮৩ জন। অথচ এখন পর্যন্ত নারীর মোট মৃত্যু ৫৭ শতাংশ বা ৮৭২ জন। আর পুরুষ মারা গেছে ৪৩ শতাংশ বা ৬৫৬ জন।
