রাজধানীর গেন্ডারিয়ায় বাসায় জুতা রাখাকে কেন্দ্র করে ঝগড়ার জের ধরে ভাই ও ভাবির মারধরে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মিঠু ঘোষ। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে কর্মরত ছিলেন।
গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় একটি হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয় বলে জানিয়েছেন গে-ারিয়া থানার উপপরিদর্শক
মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, নিহতের কপাল, দুই হাত ও পায়ে জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে।
গে-ারিয়া থানার ওসি আবু সাঈদ আল মামুন জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এর পরপরই ওই ঘটনায় জড়িত নিহতের বড় ভাবি রীনা ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বজনরা জানান, গেন্ডারিয়া এলাকার কালীচরণ রোডের বাসায় গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে জুতা রাখা নিয়ে ভাই দিলীপ ও তার স্ত্রী রীনা ঘোষের সঙ্গে ঝগড়া হয় মিঠুর। একপর্যায়ে স্বামী-স্ত্রী মিলে মিঠুকে মারধর করেন। এ সময় অচেতন হয়ে পড়লে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিঠুকে মৃত ঘোষণা করেন।
