এবার পদত্যাগ করলেন ওপেনএআইয়ের প্রেসিডেন্ট

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০২:১২ পিএম

আস্থার ঘাটতি দেখা দেওয়ায় চ্যাটজিপিটি উদ্ভাবনকারী প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানকে চাকরিচ্যুত করায় এবার ওপেনএআই থেকে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান।

শুক্রবার প্রতিষ্ঠানটির সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানকে চাকরিচ্যুত করার কিছুক্ষণ পরই এ সিদ্ধান্ত জানান তিনি।

শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক বিজনেস ম্যাগাজিন ফোর্বস এ তথ্য জানায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে গ্রেগ ব্রকম্যান জানান, "আমরা একসাথে কঠিন এবং দুর্দান্ত সময় পার করেছি, অসম্ভব অনেক কিছুই আমরা অর্জন করেছি। কিন্তু আজকের খবরের ভিত্তিতে আমি ওপেনএআই ছেড়ে দিয়েছি।"

এদিকে ওপেনএআইয়ের প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যানের পদত্যাগের বিষয়ে কোন মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।

এর আগে শুক্রবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ওপেনএআই পরিচালনার ক্ষেত্রে স্যাম অল্টম্যানের সক্ষমতা নিয়ে আস্থার ঘাটতি দেখা দেয়ায় তাকে সিইওর পদ থেকে চাকরিচ্যুত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, স্যামের বিষয়ে যথাযথ পর্যালোচনা করে ও প্রক্রিয়া মেনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি পরিচালনা পর্ষদের সঙ্গে সেভাবে যোগাযোগ করছিলেন না। দূরত্ব রেখেছিলেন, যা প্রতিষ্ঠান পরিচালনায় তার সক্ষমতার ক্ষেত্রে বাধা তৈরি করছিল।

ওপেনএআইএর চিফ টেকনোলজি অফিসার মীরা মুরাতি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রতিষ্ঠানের সিইও’র দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে হঠাৎ করে অল্টম্যানকে চাকরিচ্যুত করার এমন সিদ্ধান্ত রীতিমত অবাক করেছে কোম্পানির কর্মচারীদের। এরই মধ্যে এল প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যানের পদত্যাগের খবর।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত