ছাত্রলীগ নেতার বাসায় বিস্ফোরণে বোমার ‘কারিগর’ নিহত

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০২:২৭ এএম

ভোলার লালমোহন উপজেলায় বোমা বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার রাত ১২টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ওরফে জয়ের বাড়িতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে নিহত মনির বয়াতি (৪৭) এলাকায় বোমা তৈরির কারিগর হিসেবে পরিচিত।

স্থানীয় লোকজন জানান, বোমা বানানোর সময় বিস্ফোরণ হলে এই দুই ব্যক্তি গুরুতর আহত হন। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পথে মনির বয়াতির মৃত্যু হয়। ওই ঘটনায় আহত মো. ফিরোজ (৩৫) একই এলাকার অজিউল্লাহ মাঝির ছেলে। তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, শরীফুলের ঘরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ হয়। মনির বয়াতি ও ফিরোজ বোমা তৈরি করছিলেন ওই ঘরে।  

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনাটি যে বাড়িতে ঘটেছে, সেটি আজহারুল মাঝির (৬৫)। তিনি  শরিফুল ইসলামের বাবা। তিনি জানিয়েছেন, বিস্ফোরণটি শরিফুলের কক্ষে ঘটেছে।

তবে তার দাবি, ‘মাঝরাতে বিস্ফোরণের শব্দে তার ঘুম ভেঙে যায়। তাদের বাড়িতে “বেড়াতে আসা” মনির ও ফিরোজকে রক্তাক্ত অবস্থায় কাতরাতে দেখেন। তখন তারা জানায়, বাইরে থেকে কয়েকজন দুর্বৃত্ত বসতঘর লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। পরে ঘরে থাকা আমার ছেলে জাহাঙ্গীর তাদের অ্যাম্বুলেন্সে করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। কী জন্য এই বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে তা এখনো বলতে পারছি না।’

এ বিষয়ে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ওই ঘর থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। বোমা বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলমান রয়েছে।

এ বিষয়ে ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। জেলা ছাত্রলীগের কেউ যদি জড়িত থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

লালমোহন থানার ওসি মাহাবুবুল  আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

যশোরে ৩০টি ককটেল উদ্ধার : যশোরে র‌্যাব সদস্যরা ৩০টি ককটেল ও একটি পিস্তলসৃদশ এয়ারগান উদ্ধার করেছেন। সোমবার রাতে যশোর সদর ও বেনাপোল থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর সাকিব হোসেন মঙ্গলবার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদ পেয়ে সোমবার রাত ১১টা ২৫ মিনিটের দিকে শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার একটি পুকুরপাড় থেকে দুটি বাজারের ব্যাগে বিশেষভাবে রক্ষিত ৯টি ককটেল ও অপর একটি ব্যাগ থেকে পিস্তলসদৃশ একটি এয়ারগান উদ্ধার করা হয়। এ ছাড়া গোপনে সংবাদ পেয়ে র‌্যাবের অপর একটি দল একই দিন রাত ৯টা ৪৫ মিনিটের দিকে শার্শা উপজেলার বেনাপোল থানার ভবেরবেড় গ্রাম থেকে একটি বালতিতে রাখা ২১টি ককটেল উদ্ধার করেছে। ওই গ্রামের একটি পুকুরপাড়ের ঝোপের মধ্যে বোমাগুলো রাখা ছিল। ককটেলগুলো উদ্ধারকালে কাউকে আটক করা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত