অভিযোগ রিজভীর

বিভিন্ন দলের নেতা কিনতে গরুর হাটের মতো দরদাম চলছে

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৩:৪৫ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘তামাশার নির্বাচন করতে সরকার ‘কিংস-ভুঁইফোড়’ বিভিন্ন পার্টি গঠন করছে। পাশাপাশি বিভিন্ন দল থেকে নেতা কিনতে গরুর হাটের মতো দরদাম চলছে।’ গতকাল বুধবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘কাজী রকিব আর নুরুল হুদার (সাবেক প্রধান নির্বাচন কমিশনারদ্বয়) দেখানো ভাঁওতাবাজির নির্বাচনের পথে হাঁটছেন কাজী হাবিবুল আউয়াল গং। দেশের জনগণ মাফিয়া চক্রের এই ভুয়া তফসিল প্রত্যাখ্যান করায় ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন মইনউদ্দিন-ফখরুদ্দীনের মতো তথাকথিত কিংস পার্টি, ভুঁইফোড় পার্টি, ড্রিংকস পার্টি, ছিন্নমূল পার্টি তৈরি করে তাদের দিয়েই তামাশার নির্বাচন মঞ্চস্থ করতে মরিয়া হয়ে উঠেছেন।’

রিজভী বলেন, ‘শেখ হাসিনা তার এজেন্সিগুলোকে মাঠে নামিয়ে দিয়েছেন তথাকথিত কিংস পার্টি গঠনের জন্য। বিভিন্ন দল থেকে নেতাদের আনতে গরুর হাটের মতো দরদাম চলছে। আওয়ামী লীগের কিংস পার্টিতে যোগ দিতে দেশপ্রেমিক বহু নেতাকে চাপ-প্রলোভন ও ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। ছলে-বলে কৌশলে টোপ দিয়ে কাউকে কাউকে বাগানো হচ্ছে। আবার কেউ কেউ জনগণের ভোটের অধিকার আন্দোলনে না গিয়ে বিরোধী দলের লেবাসে ফ্যাসিবাদের দোসর হয়ে তথাকথিত এসব কিংস পার্টি, ভুঁইফোড়, ছিন্নমূল পার্টির হালুয়া-রুটির ভাগপ্রাপ্তির ভরসায় ফ্যাসিস্টদের বর্তমান আস্তানা বঙ্গভবন-গণভবনে ছুটাছুটি করছে।’

তিনি বলেন, ‘যারা জনগণের সঙ্গে বেইমানি করছেন তারা একদিন ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। এই সমস্ত রঙ বদলানো পরজীবী রাজনীতিবিদরা জনগণের সংকেত বার্তা টের পাচ্ছে না। জনগণ খুব দ্রুতগতিতে ধেয়ে যাচ্ছে সিংহাসন ধুলায় লুটিয়ে দিতে, জনগণের সেই পদচিহ্ন লক্ষ করতে পারছে না এই নব্য রাজাকাররা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত