নেত্রকোনা-২ (সদর ও বারহাট্টা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন দলটির আইনবিষয়ক উপকমিটির সদস্য ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান। নির্বাচনকে সামনে রেখে গেল কয়েক বছর নেত্রকোনা সদর ও বারহাট্টায় গণসংযোগের মাধ্যমে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা মানুষের সামনে তুলে ধরেন তিনি।
মনোনয়ন নিয়ে আশাবাদী ব্যারিস্টার রানা বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মামলার আইনজীবী হিসেবে কাজ করেছি। এ ছাড়া বিগত পাঁচ বছরে প্রায় ৫০ হাজারের অধিক মানুষকে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দিয়েছি। যেকোনো দুর্যোগের পাশাপাশি ঈদ ও পূজায় মানুষের পাশে থেকেছি। নেত্রকোনা সদর ও বারহাট্টার প্রতিটি ইউনিয়নের গ্রামে গ্রামে গিয়ে অসহায় মানুষের কাছে নিজ হাতে ত্রাণসহায়তা তুলে দিয়েছি। যার মধ্য দিয়ে জনসাধারণের সঙ্গে আমার আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে।
