ডেঙ্গুতে নারী মৃত্যু ৯০০ ছাড়াল

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০২:৫০ এএম

দেশে ডেঙ্গুতে নারী মৃত্যু ৯০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও সাতজন মারা গেছে। তাদের মধ্যে পাঁচজনই নারী। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৯০২ জন নারী মারা গেল।

এ বছর ডেঙ্গুতে পুরুষের তুলনায় নারী আক্রান্ত কম হলেও মৃত্যু বেশি। গতকাল পর্যন্ত আক্রান্তের ৬০ শতাংশই ছিল পুরুষ। কিন্তু পুরুষ মারা গেছে মোট মৃত্যুর ৪৩ শতাংশ। অথচ আক্রান্তের ৪০ শতাংশ নারী হলেও মৃত্যু ৫৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নারীদের মধ্যে সবচেয়ে বেশি, অর্থাৎ ১০ শতাংশ বা ১০০ জনই মারা গেছে ৩৬-৪০ বছর বয়সের মধ্যে। অথচ এই বয়সী নারী আক্রান্ত হয়েছে ৯ শতাংশ।

নারীদের মধ্যে ৯ শতাংশ করে মারা গেছে ২৬-৩০ বছর ও ৩১-৩৫ বছর বয়সী এবং ৮ শতাংশ করে মারা গেছে ৪১-৪৫ বছর, ৪৬-৫০ বছর ও ৫৬-৬০ বছর বয়সীরা।

নারীদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে কম মারা গেছে ৭৬-৮০ বছর ও আশি ঊর্ধ্ব বয়সী নারী, ২ শতাংশ করে এবং সবচেয়ে কম আক্রান্ত হয়েছে ৬৬ বছর থেকে আশি ঊর্ধ্ব বয়সী চার শ্রেণির বয়সী নারী। তাদের মধ্যে ৬৬-৭০ বছর বয়সী ২ শতাংশ, ৭১-৭৫ বছর বয়সী ১ শতাংশ, ৭৬-৮০ বছর বয়সী শূন্য দশমিক ৫ শতাংশ ও আশি ঊর্ধ্ব বছর বয়সী শূন্য দশমিক ৩ শতাংশ নারী।

ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যা ২ লাখ ছুঁইছুঁই করছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে যে ১ হাজার ৯৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের মধ্যে ৮৪১ জনই ঢাকার বাইরে ও ঢাকায় ২৫৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত ঢাকার বাইরে রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯৯ হাজার ২৬৮ জন। অর্থাৎ মোট রোগীর ৬৫ শতাংশই ঢাকার বাইরে। বাকি ১ লাখ ৬ হাজার ৫২৪ জন ঢাকায় ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যে সাতজন ডেঙ্গুতে মারা গেছে, তাদের মধ্যে পাঁচজনই ঢাকায় ও দুইজন ঢাকার বাইরে। এ নিয়ে  এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেল ১ হাজার ৫৭৭ জন। তাদের মধ্যে ঢাকার মারা গেছে ৯১৮ জন ও ঢাকার বাইরে ৬৫৯ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত